ভারতে আড়াই মাস পর মৃত্যু হাজারের নিচে

আপডেট : ২৮ জুন ২০২১, ২০:৫০

  করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার প্রায় আড়াই মাস পর প্রথমবারের মতো হাজারের নিচে দৈনিক মৃত্যু দেখল ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৪৬ হাজার ১৪৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে ৯৭৯ জনের।

মৃত্যুর এ সংখ্যা ১৩ এপ্রিলের পর থেকে সবচেয়ে কম বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ১৪ এপ্রিল দেশটিতে দৈনিক মৃত্যু এক হাজার ছাড়িয়েছিল। নতুন আক্রান্তদের নিয়ে ভারত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২ লাখ ৭৯ হাজার ৩৩১ জনে দাঁড়িয়েছে। বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্র ভারতের ওপরে আছে। মহামারির দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক শনাক্ত কমতে শুরু করেছে। দ্বিতীয় এই ঢেউ চলাকালে মে-র প্রথম দিকে দেশটি দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড করেছিল। কোভিড-১৯-এ মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৭৩০ জনের। ভারতে এখন সক্রিয় রোগীর হার এ পর্যন্ত শনাক্ত মোট রোগীর ১ দশমিক ৮৯ শতাংশ বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। টানা ৪৬ দিন ধরে দেশটিতে সুস্থ হওয়া লোকের সংখ্যা দৈনিক শনাক্ত রোগীর চেয়ে বেশি পাওয়া যাচ্ছে।

জানুয়ারি থেকে ভারত জুড়ে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির ৩২ কোটি ৩৬ লাখ লোক করোনা ভাইরাস টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন। এ সংখ্যা যুক্তরাষ্ট্রের টিকার আওতায় আসা মোট লোকের চেয়ে কয়েক লাখ বেশি বলে জানিয়েছে ভারত সরকার। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের ডেলটা প্লাস ধরন এখন ১২টি দেশে ছড়িয়েছে বলে জানিয়েছে তারা। করোনা ভাইরাসের এ ধরনটিকে অনেক বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে। করোনা ভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ বাড়তে থাকায় সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া লকাডাউনের বিধিনিষেধ আরো কঠোর করেছে।