সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের ছয় সসদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার মোগড়াপাড়ার বন্দেরার চক ও পৌরসভার ইছাপাড়া এলাকায় সোনারগাঁও থানাপুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গতকাল সোমবার তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো :সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া এলাকার সিরাজ উদ্দিন মোল্লার ছেলে ইসমাইল, একই এলাকার রমজান প্রধানের ছেলে ইমন, সাখাওয়াত মিয়ার ছেলে শাকিল মিয়া, মৃত নাছির মোল্লার ছেলে অপু, ডন মিয়া গাজীর ছেলে শাওন ও চিলারবাগ গ্রামের আ. বাতেন গাজীর ছেলে মো. রুবেল।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া ও মোগরাপাড়া বন্দেরা গ্রামের আশপাশের বিভিন্ন ব্যক্তি ও গাড়ি থেকে ছিনতাই করে আসছিল একটি চক্র। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় মৌখিক ও লিখিতভাবে অনেক অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
