পদ্মায় পানি বৃদ্ধি
সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে পদ্মায় পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে চরাঞ্চলে আবাদ করা চিনাবাদাম। এতে ক্ষতির মুখে পড়েছেন এলাকার বাদামচাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ভায়না, সাতবাড়ীয়া, নাজিরগঞ্জ এবং সাগরকান্দী ইউনিয়নের চরাঞ্চলের ৫০০ হেক্টর জমিতে চিনাবাদাম আবাদ করা হয়। ইতিমধ্যে আগাম আবাদ করা বেশির ভাগ বাদাম উঠানো হয়ে গেছে। কিন্তু হঠাত্ করে পদ্মায় পানি বেড়ে যাওয়ায় এখনো যে সব জমির বাদাম উঠানো হয়নি তা তলিয়ে গেছে।
উপজেলার শ্যামনগর গ্রামের বাদামচাষি সোহেল শেখ বলেন, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের অনেক কৃষকের বাদাম তলিয়ে গেছে আবার অনেক কৃষকের বাদাম তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিশেষ করে নাবি আবাদ করা বাদাম সম্পূর্ণ তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান। একই এলাকার কৃষক রফিকুল ইসলাম মোল্লা বলেন, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের জমি থেকে অপরিপক্ব বাদাম উঠিয়ে নিয়ে আসতে হচ্ছে। এতে কৃষকের বেশ ক্ষতি হচ্ছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বেশির ভাগ বাদাম উঠানো হয়ে গেছে। তবে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় নাবি আবাদ করা কিছু কিছু জমির বাদাম তলিয়ে যেতে পারে।
