বরিশাল অফিস
স্বাধীনতার ৫০ বছর পর জীবনের শেষ মুহূর্তে বীরাঙ্গনা খেতাব পেয়েছেন বরিশাল মহানগরীর একমাত্র বীরাঙ্গনা বৃদ্ধা হাজেরা বেগম (৭০)। রবিবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে তার প্রাপ্য ৮২ হাজার টাকার মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রদান করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বীরাঙ্গনা হাজেরা বেগম। তিনি জানান, ১৯৭১ সালে তার বয়স ১৮ বছর থাকাকালে পিতার বাড়ি উজিরপুর থেকে বোনের শ্বশুরবাড়ি বরিশাল যাওয়ার পথে বাবুগঞ্জ রহমতপুর ক্যাম্পের সন্নিকটে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত হন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে তার দ্বিতীয় বিবাহ হয়। তার স্বামী মো. জালাল হোসেন বরিশাল মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন এবং বিসিক শিল্প এলাকায় শ্রমিকের কাজ শুরু করেন। তাদের সংসারে তিন ছেলে ও এক মেয়ে নিয়ে কোনোভাবে খেয়ে-না-খেয়ে জীবন চলত। সর্বশেষ ২০১৬ সালে বরিশাল মহানগর থেকে এক জন বীরাঙ্গনা হিসেবে হাজেরা বেগম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয় যাচাইবাছাই শেষে তার অনুকূলে বরাদ্দ ছাড় করলে বরিশাল জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে তা প্রদান করেন। এর আগে বরিশালের বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারীদের পরিবার এবং গুরুতর আহতদের মধ্যে ১ কোটি ৮৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক।
