বিভিন্ন পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:২২

ইত্তেফাক ডেস্ক

সোমবার কয়েকটি পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

নড়াইল :নড়াইল পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র আনজুমান আরা। নড়াইল পৌরসভার অস্থায়ী কার্যালয়ে মেয়রের নিজ কক্ষে তিনি ২৩ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ১৮০ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে মোট রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা, উন্নয়ন খাতে ৩ কোটি টাকা এবং প্রকল্প খাতে ১২ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা আয় ধরা হয়েছে।

সুজানগর (পাবনা) :সুজানগর পৌরসভার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। রাজস্বসহ মোট ৮০ কোটি ৬২ লাখ ৫১ হাজার ৫৫০ টাকার বাজেট ঘোষণা করেন তিনি। পৌর সচিব গোলাম নবীর পরিচালনায় বাজেট অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জাহানারা খাতুন, সাধারণ কাউন্সিলর আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।

লামা (বান্দরবান) :নতুন কোনো করারোপ ছাড়াই বান্দরবানের লামা পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে ১৭ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৮৮৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রয়াত মেয়র আলহাজ মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. জহিরুল ইসলাম। সে সময় কাউন্সিলর, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।