দক্ষিণ সুনামগঞ্জে সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:২৩

সুনামগঞ্জ প্রতিনিধি

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বড়মোহা গ্রামে রবিবার সন্ধ্যায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত এবং আরো দুই জন আহত হয়েছেন। নিহতের নাম মো. নাজিম উদ্দিন। তিনি উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের মো. আনসার মিয়ার ছেলে। বিকালে গ্রামের মাঠে ক্রিকেট খেলা নিয়ে নাজিম উদ্দিনের সঙ্গে একই গ্রামের আমিন খাঁর মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের দায়ের আঘাতে মো.নাজিম উদ্দিন গুরুতর আহত হন। তাকে রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজি মো. মোক্তাদির হোসেন চৌধুরী বলেন, এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।