পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:২৪

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে কুমিল্লার চান্দিনায় দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। দুর্ঘটনায় বাসের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত পাঁচ জন। সোমবার সকাল পৌঁনে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উলটে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন—বাসচালক নোয়াখালী জেলার আব্দুল মতিন ও হেলপার রিফাত। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইনসপেক্টর) সালেহ্ আহম্মেদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করা হয়েছে। সুপারভাইজারকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদগঞ্জ (চাঁদপুর) : ফরিদগঞ্জে ট্রাকচাপায় সিএনজি-অটোরিকশা চালক মজিবুর রহমান মারা গেছেন। ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নিহত মজিবুর রহমান রামগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা। চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তিনি তার সিএনজি-অটোরিকশায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে হাসপাতালে নেওয়ার পথে মজিবুরের মৃত্যু হয়। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদ হোসেন বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তফিক উদ্দীন (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার রাত ৮টায় মুরইল বাজার থেকে হেটে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। ওসি জালাল উদ্দীন বলেন, নিহত বৃদ্ধের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাংনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায়

হেলপারের হাত বিচ্ছিন্ন

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান,গাংনীতে একটি বালিভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক জিয়াউর রহমান জিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন। এ সময় হেলপার খেজমত আলীর বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বামন্দী বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহত জিয়া মেহেরপুর জেলা শহরের বেড়পাড়ার আমির হোসেনের ছেলে ও হেলপার খেজমত আলী মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-চাঁদবিল গ্রামের নায়েব আলীর ছেলে। স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিস দলের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দুই জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।