ইত্তেফাক ডেস্ক
লকডাউন অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় সোমবার বিভিন্ন স্থানে পথচারী, দোকানি ও ব্যবসায়ীদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
কাঠালিয়া (ঝালকাঠি) :কাঠালিয়ায় মাস্ক না পরার দায়ে ১৫ জনকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। দুপুরে কাঠালিয়া সদর ও আমুয়া বাজার এলাকায় মাস্ক না পরার অপরাধে অভিযান চালিয়ে ১৫ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন তিনি।
স্বরূপকাঠি (পিরোজপুর) :বিধিনিষেধ অমান্য করে জগন্নাথকাঠি বাজারে অহেতুক ঘোরাফেরার দায়ে পাঁচ ব্যক্তিকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঐ বন্দরে অভিযান চালিয়ে আবুল হাসেম, সমীরণ সিকদার, তাপস সরকার, জাহিদুল ইসলাম প্রত্যেককে ৫০০ টাকা করে এবং শোভন মল্লিককে ২০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সুজানগর (পাবনা) :সুজানগর পৌর বাজারে লকডাউন চলাকালে দোকানপাট খোলা রাখার অপরাধে পাঁচ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে দুই জনকে ২ হাজার টাকা করে, একজনকে ১ হাজার টাকা ও দুই জন দোকানিকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী এ জরিমানা করেন।
হাতিয়া (নোয়াখালী) :লকডাউন অমান্য করে সকালে দোকান খোলা রাখায় উপজেলা সদরের দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র এ জরিমানা করেন।
গাংনী (মেহেরপুর) :মেহেরপুরে রবিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাংনী হলপাড়া, বাঁশবাড়িয়া, চিত্লা, জুগিন্দা, আযান, পোড়াপাড়াসহ বিভিন্ন গ্রামে দোকান খোলা রাখার অপরাধে এবং মুখে মাস্ক না ব্যবহার করায় পথচারীদের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম। সরকারি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
