সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:২৪

কাপ্তাইয়ে গরিবদের মধ্যে ত্রাণ বিতরণ

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি ওয়াগ্গাছড়া জোনের উদ্যোগে স্থানীয় গরিব ও দুস্থ নারী-পুরুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ওয়াগ্গাছড়া জোনের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ দরিদ্র জনগণের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা প্রদান অব্যাহাত থাকবে বলে তিনি জানান।

দুমকীতে শিক্ষার্থীদের প্রোফাইল ও ডাটাবেজ বিষয়ক প্রশিক্ষণ

দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা দুমকীতে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ তৈরি এবং UID নম্বর প্রদান সংক্রান্ত দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুননাহার ইয়াছমিন।

সিংড়ায় করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন

সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় দুটি পয়েন্টে করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম। সোমবার দুপুর ২টায় সিংড়া বাসস্ট্যান্ড ও জয়বাংলা মোড়ে এ বুথ উদ্বোধন করা হয়। এ বুথ থেকে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে পুরোনো মাস্ক ফেলে নতুন মাস্ক নিতে হবে।

দুর্নীতি দমনবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা গোবিন্দগঞ্জে ‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ শিরোনামে দুর্নীতি দমনবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে গণউন্নয়ন কেন্দ্রের আয়োজনে কাটাবাড়ী ইউনিয়নের মাহমুদবাগ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কাটাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাহমুদবাগ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ মডারেটরের দায়িত্ব পালন করেন। শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

করোনায় সচেতনতামূলক প্রচারণা

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মিজানুর রহমান। সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্ট থেকে শুরু করে কালীবাড়ি পয়েন্ট, দোজা মার্কেট, খামারকলী পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন কোর্ট পয়েন্ট পর্যন্ত সচেতনতামূলক প্রচার চালানো হয়।

আইসিটিবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

নেত্রকোনা প্রতিনিধি প্রযুক্তির মাধ্যমে সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তিতে নেত্রকোনায় আইসিটি বিষয়ক দুই দিনব্যাপী যুব প্রশিক্ষণ সোমবার সমাপ্ত হয়েছে। দুই দিন প্রশিক্ষণ প্রদান করেন আইসিটি ইঞ্জিনিয়ার খন্দকার মোতাহার হোসেন রানা।

চিতল মাছের পোনা অবমুক্তি

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুর উপজেলার মাধখলা ফাজিল মাদ্রাসার পুকুরে এক হাজার চিতল মাছের পোনা অবমুক্তি করা হয়। সোমবার দুপুরে ২০২০-২১ অর্থবছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মত্স্য উত্পাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় চিতল মাছের পোনা অবমুক্তি অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মত্স্য অফিস। মাছ অবমুক্তি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।