রোনালদোর বিদায় মেনে নিতে পারছে না

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:২৪

সোহেল সারোয়ার চঞ্চল

এবারের ইউরোতে এমন আবেগঘন মুহূর্ত আসেনি। দর্শক চোখ থাকে যাদের ওপর। তাদের মধ্যে অন্যতম পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই তারকা বিদায় হয়ে গেছে। ইউরোর নকআউটের খেলায় বেলজিয়াম ১-০ গোলে পর্তুগাল বিদায় নিয়েছে। কিন্তু ফুটবল দর্শকের চোখে যেন রোনালদোর বিদায় হয়ে গেছে। পর্তুগাল জিতলে যতটা না আনন্দ তার চেয়েও ঢের বেশি আনন্দ পান রোনালদোর উপস্থিতি দেখে। রোনালদো এমন একজন ফুটবলার যার খেলা দেখার জন্য ফুটবল দুনিয়ার মানুষ উদ্গ্রীব হয়ে থাকেন। রোনালদো একাই যেন ১০০। সেই রোনালদোকে বেলজিয়াম বিদায় করে দিয়েছে। বাড়ি যাওয়ার টিকিট ধরিয়ে দিয়েছে। ফুটবল ভক্তরা মন খারাপ করেছেন। কারণ ইউরোতে সবচেয়ে বড় তারকা হচ্ছে রোনালদো। অসাধারণ বুদ্ধিদীপ্ত এই ফুটবলার তার প্রতিটি ফুটবল কারুকাজ মোহিত করে দর্শকদের। ইউরোতে আরো নামিদামি ফুটবলার আছেন কিন্তু রোনালদোর মতো তারকা খ্যাতির ভার আর কার আছে। সেই রোনালদো যখন ইউরোর বড় মঞ্চ হতে বিদায় নেন তখন আর দর্শক আগ্রহই বা কী থাকে। ব্যক্তি নৈপুণ্য দর্শকদের বসিয়ে রাখার মতো পারফরম্যান্স করে নিজেকে আলাদা জায়গায় তুলে নিয়েছিলেন সিআরসেভেন।

ইউরোতে একের পর এক রেকর্ড গড়ে চলেছিলেন রোনালদো। ইরানের আলী দায়ির ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন। ফ্রান্সের বিপক্ষে তার কোনো গোল ছিল না। এটা নিয়েও পর্তুগিজদের একটা আক্ষেপ ছিল। ফ্রান্সেরও একটা অহমিকা ছিল যে, রোনালদো ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফি এনে দিলেও ফ্রান্সের জালে গোল করতে পারেননি। এবারের ইউরোতে ফ্রান্সের জালে গোল করার রেকর্ড গড়েছেন ফরাসি ফুটবল দর্শকের অহমিকা মুছে দিয়েছেন। পর্তুগিজদের চাওয়া পূরণ করেছেন। সবার আগে চাওয়া ছিল এবার রোনালদো ইরানের আলী দায়ির রেকর্ড ভাঙবেন। আলী দায়িও রোনালদোকে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। প্রেরণা দিয়েছিলেন সিআরসেভেনকে। সেই দৃশ্য দেখার আগেই ইউরোর মঞ্চ হতে পর্তুগিজ ফুটবলের মহাতারকার বিদায় হয়ে গেল।

কিন্তু এমন বিদায় কেউ ভাবেনি। সেভিয়ার স্টেডিয়ামে গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে আসবে না। ভাগ্যটাই খারাপ পর্তুগালের। বেলজিয়াম একটা সুযোগ পেল একটাই গোল হয়ে গেল। আর পর্তুগাল এতো সুযোগ পেয়েও গোল হলো না। বেলজিয়ামের গোলকিপার থিবো কর্তোয়া এবার তার রক্ষণ রোনালদোদের সামনে হিমালয় হয়ে দাঁড়িয়েছিল। যেভাবেই শট করা হোক না কেন গোলকিপার না হয় রক্ষণভাগ তা ফিরিয়ে দিয়েছে।

আমরা আরো শক্তিশালী

হয়ে ফিরে আসব

ম্যাচ হেরে বিদায় নেওয়া রোনালদো বলেছেন, ‘আমরা যে ফলাফলটা চাইছিলাম তা পাইনি। পরীক্ষা থেকে বের হয়ে গেলাম। কিন্তু আমাদের যাত্রায় গর্বিত। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখতে সবকিছু উজাড় করে চেষ্টা করেছি। আপনারা খেয়াল করে দেখলে বুঝবেন ‘এ’ গ্রুপে আমরা প্রমাণ করেছি এখনো পর্তুগিজরা ফুটবলে অনেক আনন্দ দিতে পারে। আমাদের ভক্ত হতে শুরু করে যারা শেষ পর্যন্ত ক্লান্তিহীন সমর্থন দিতে পারেন। ভক্ত এবং আমাদের মধ্যে বিশ্বাস স্থাপন করার জন্য আমরা দৌড়েছি এবং যুদ্ধ করেছি। আমরা সবাই সাফল্য চেয়েছিলাম কিন্তু সম্ভব হয়নি। আমাদের সমর্থনের মানুষদের আমরা কৃতজ্ঞতা জানাই। বেলজিয়ামকে অভিনন্দন। আমাদের জন্য, আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসব।’