চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
হাটহাজারী উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল এবং পটিয়া উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা পর্যায়ে বালক গ্রুপের ফাইনালে হাটহাজারী উপজেলা টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে বাঁশখালী উপজেলাকে পরাজিত করে। খেলার নির্ধারিত সময়ে কেউ কারো জালে বল ফেলতে পারেনি। শেষ পর্যন্ত গোল না হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে জয়ী দলের হয়ে গোল করেন উসমান, মাহমুদ, শ্রাবন, মিজান ও আসাদ এবং বিজিত দলের পক্ষে গোল করেন লোকমান, তানজিবুল, রানা ও হাবিব। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত বালিকা গ্রুপের ফাইনালে পটিয়া উপজেলা টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে রাউজান উপজেলার বিরুদ্ধে জয়লাভ করে। জয়ী দলের পক্ষে অন্তু, জান্নাতুল, সাদিয়া ও এ্যানি গোল করেন। অন্যদিকে, বিজিত দলের হয়ে গোল করেন মনি, শারমিন ও কনিকা। বালক গ্রুপে হাটহাজারী উপজেলার জামশেদ সেরা খেলোয়াড়, উসমান ৪টি গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং বালিকা গ্রুপে পটিয়া উপজেলার অন্তু সেরা খেলোয়াড়, আনোয়ারা উপজেলার সাদিয়া ৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিশেষভাবে পুরস্কৃত হন। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মো. রাশেদুল আলমের ব্যক্তিগত তহবিল থেকে চ্যাম্পিয়ন দলগুলোকে ১০ হাজার টাকা এবং রানার্স আপ দলগুলোকে ৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন চ্যাম্পিয়ন দলগুলোকে ৫ হাজার এবং রানার্স আপ দলগুলোকে ৩ হাজার করে অর্থ পুরস্কার প্রদান করেন।
খেলা শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে এবং সিজেকেএস কার্যনির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল, সিজেকেএসর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
