সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২৮ জুন ২০২১, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। সংবাদদাতাদের পাঠানো খবর-

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরিপুরে সার বোঝাই একটি হ্যান্ডট্রলি চাপায় সাইকেল আরোহী রিফাত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল গৌরীপুর-শাহগঞ্জ সড়কের মিরিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিফাত দাড়িয়াপুর গ্রামের মজনুর ছেলে। সে ইটভাটার শ্রমিক।

ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় দুই সহোদর গুরুতর আহত হয়েছেন। গত রবিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইজুর রহমান (২৬) ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর চরখীবাড়ী গ্রামের আনিসুর রহমানের ছেলে। আহতরা মুক্তাগাছা উপজেলার হরিনাতলা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জের মাওয়া মহাসড়কে ট্রাক চাপায় ইসমাইল হোসেন (৪৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। গতকাল মহাসড়কের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল হোসেন থানার ঘোষকান্দার এলাকার বাসিন্দা কালু মোল্লার ছেলে।