তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধার করব ---------- মির্জা ফখরুল

আপডেট : ২৮ জুন ২০২১, ২৩:৩৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সরকার প্রতিষ্ঠায় একটা দিকনির্দেশনা দিয়েছেন। তার দিকনির্দেশনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট হবো। আগামী দিনগুলোতে সেই লক্ষ্যেই আমাদের সমস্ত কাজ, আমাদের শক্তি, আমাদের মেধাকে আমরা নিয়োগ করব।

গতকাল সোমবার বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনস-বিএনআরসির উদ্যোগে ‘জাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হন্তান্তরের সরকারি সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার পুনরায় লুণ্ঠনের এক নতুন ষড়যন্ত্র’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ। ভার্চুয়াল এই আলোচনায় প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিনির্ধারণী বক্তব্য দেন। বিএনআরসির পরিচালক বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের পরিচালনায় ভার্চুয়াল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, নির্বাচন কমিশনের সাবেক সচিব আব্দুর রশিদ সরকার ও ড. মোহাম্মদ জকরিয়া, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বক্তব্য দেন।

 খন্দকার মোশাররফ হোসেন বলেন, চোরে না শুনে ধর্মের কাহিনি। এই সরকার গায়ের জোরের সরকার, ভোটবিহীন সরকার তারা তো কোনো সময়ে ধর্মের অর্থাত্ আমরা যে সংবিধানের অনুশাসনের কথা বলছি তারা (আওয়ামী লীগ সরকার) মানবে না। এর একমাত্র সমাধান জনগণের সরকার প্রতিষ্ঠা। সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, আমাদের দলকে ঐক্যবদ্ধ করতে হবে। এছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই।