অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করলেন সুইডিশ প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ জুন ২০২১, ২৩:৩৩

অনাস্থা ভোটে হারার এক সপ্তাহ পর পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। গতকাল সোমবার দেশটির পার্লামেন্টের স্পিকার আন্দ্রিয়াস নোরলেনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এমপিদের ভোটে ক্ষমতাচ্যুত হলেন। খবর সিএনএনের

গত ২১ জুন দেশটির পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা ভোট দেওয়ায় সরকারের পতন ঘটে। পার্লামেন্টের ৩৪৯ জন সদস্যের মধ্যে ১৮১ জন প্রস্তাবের পক্ষে ভোট দেন। ভোটদানে বিরত ছিলেন ৫১ জন। লোফভেন পদত্যাগ করায় এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। আগামী বছরের সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। লোফভেন বলেছেন, এসব দিক বিবেচনায় আমি স্পিকারকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছি। স্টেফান রবিবার রাত পর্যন্ত ক্ষমতায় থাকার চেষ্টা চালিয়েছিলেন। তিনি এমপিদের সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন অথবা আগাম নির্বাচনের চেষ্টা করেছিলেন। কিন্তু কোনোটাই তার পক্ষে করা সম্ভব হয়নি।