মাদক ব্যবসা নিয়ে চাষাঢ়ায় দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত

আপডেট : ২৯ জুন ২০২১, ০০:৫১

শহরের চাষাঢ়ায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চার জন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। গতকাল সোমবার রাত ১০টায় শহরের চাষাঢ়া রেল স্টেশন এলাকায় ঐ ঘটনা ঘটে।

জানা গেছে, চাষাঢ়ায় মাদকের স্পটটি পরিচালনাকারী দুই গ্রুপের মধ্যে কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। গতকাল সোমবার রাতে উভয়পক্ষের লোকজন মাদক বিক্রি নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। তখন অজ্ঞাত পরিচয়ের ঐ যুবক গুরুতর জখম হয়। তাকে ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। আহত জুয়েল (৩২), জামান (২৮) ও সোহাগকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার এস আই শাহাদাত হোসেন বলেন, মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।