লকডাউনে বাইকে কাউকে নেওয়া যাবে না : ডিএমপি

আপডেট : ২৯ জুন ২০২১, ০০:৫১

লকডাউনে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন করা যাবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। কঠোর বিধি-নিষেধ আরোপের আগে সীমিত পরিসরে লকডাউন শুরুর পর গতকাল সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছে। অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছে। যার ফলে একই ব্যবহূত হেলমেট বারবার বিভিন্ন মানুষ ব্যবহার করছে। এতে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

যানজটের নগরী ঢাকায় মোটর বাইকে রাইড শেয়ার দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। লকডাউনে গণপরিবহন বন্ধের মধ্যে অনেকে যাতায়াতের জন্য মোটরসাইকেলে যাত্রী হয়ে উঠছেন। জরুরি প্রয়োজনে কারও বের হতে হলে স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ১ জুলাইয়ের আগ পর্যন্ত লকডাউনে গণপরিবহন বন্ধ থাকলেও রিকশা চলাচলের অনুমতি রয়েছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারেও কোনো বিধি-নিষেধ নেই।