রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সংসদে বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) এমপি মুজিবুল হক চুন্নু ও বিএনপির এমপি হারুনুর রশিদ। গতকাল সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তারা এই দাবি জানান।
আলোচনার সূত্রপাত করে জাপার মুজিবুল হক চুন্নু বলেন, মগবাজারে বিস্ফোরণে শিশুসহ সাত জন মারা গেছেন। অনেকে আহত। আমাদের প্রশ্নটা হলো, ঢাকা শহরে যেসব হোটেল বা রেস্টুরেন্ট আছে, সেগুলোতে যে গ্যাস ব্যবহার হয়, সেই সিলিন্ডার বা স্টোভ কখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শকের মাধ্যমে ইনসপেকশন হয় কি না? আগে দেখেছি বিভিন্ন গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে অনেক দুর্ঘটনা হয়েছে, অনেকে মারা গেছে। জ্বালানি প্রতিমন্ত্রীকে অনুরোধ করব— এই যে ঘটনা ঘটল, সেটি যদি গ্যাসের কারণে হয়ে থাকে, তাহলে কী কারণে ঘটল? গ্যাসের যে স্টোভ ছিল, সেটা কোনো সময় ইনসপেকশন হয়েছিল? সেটা কী অবস্থায় ছিল? যেসব জায়গায় গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় বা মজুত করা হয়, সেখানে প্রয়োজনীয় ইনসপেকশন হয় কি-না? যদি না করা হয়, তা যেন করা হয়। মগবাজারের ঘটনার কারণ, প্রতিকার এবং যাদের কারণে এই মানুষগুলো মারা গেল, তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে কি না, সে বিষয়ে সংসদে একটি বিবৃতির দাবি রাখছি।
বিএনপির হারুনুর রশিদ ফ্লোর নিয়ে বলেন, গত বছর নারায়ণগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় ৪০ জনের অধিক মানুষ মারা গিয়েছে। মগবাজারের মতো ব্যস্ততম জায়গায় যে ঘটনা ঘটল, এর দায় সরকারকে নিতে হবে। এখানে (সংসদে) বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী নেই। বিদ্যুত্ ও জ্বালানি বিভাগের দায়িত্ব রয়েছে। আমরা বিভিন্ন দেশে ঘুরে দেখি সেখানে লেখা থাকে—সেইফটি ফার্স্ট। কিন্তু বাংলাদেশে কী অবস্থা! এভাবে আজকে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে মানুষ মারা যাচ্ছে। তার ছিঁড়ে পড়ে পানির ওপর লোক মারা যাচ্ছে। এই কাজগুলো বিদ্যুত্ বিভাগের, তাদেরকে জবাবদিহির আওতায় আসতে হবে।
