করোনা টিকার মিশ্র প্রয়োগ ভালো সুরক্ষা দেয়

আপডেট : ২৯ জুন ২০২১, ০০:৫৩

দুই ধরনের টিকার মিশ্র প্রয়োগে করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে ভালো সুরক্ষা পাওয়া যায়। ব্রিটেনের এক গবেষণায় এ ফল পাওয়া গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ভিন্ন ব্র্যান্ডের টিকা প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে প্রয়োগ করা হলে তা বেশি সুরক্ষা দেয়। ‘দ্য কম-কভ’ ট্রায়ালে ফাইজারের টিকার দুই ডোজের কার্যকারিতা, অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজের কার্যকারিতা এবং অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজারের এক ডোজ করে পৃথক প্রয়োগের কার্যকারিতা দেখার চেষ্টা করা হয়েছে। তাতে দেখা গেছে, পৃথক ব্র্যান্ডের দুই ডোজের ব্যবহার ভালো কাজ করেছে। এই ফলাফল অনেক দেশে ভ্যাকসিন প্রয়োগকে সহজতর করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্রিটেনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক জনাথন ভ্যন-টাম বলেন, বর্তমানে একই কোম্পানির দুই ডোজের ব্যবহারে যে সাফল্য মিলছে তাতে পরিবর্তন আনার কোনো কারণ নেই। তবে ভবিষ্যতে দুই ডোজের মিশ্র ব্যবহার বুস্টার কর্মসূচিতে সহজতর করতে পারে। খবরে বলা হয়েছে, বিশ্বে অনেক দেশে ইতিমধ্যেই টিকার মিশ্র ব্যবহার চলছে।