ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার তিউনিসিয়ার নৌবাহিনীর

আপডেট : ২৯ জুন ২০২১, ০০:৫৩

ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার নৌবাহিনীর সদস্যরা। এ সময় দুই জনের মরদেহও উদ্ধার করেছে তারা। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, রবিবার লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে অভিবাসীদের বহনকারী নৌকাটি ভূমধ্যসাগরে ভেঙে যায়। তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি জানিয়েছেন, অভিবাসীদের ডুবে যাওয়ার আশঙ্কা ছিল। এ কারণে তাদের উদ্ধার করা হয়েছে। এসব অভিবাসীর মধ্যে বাংলাদেশ, ইরিত্রিয়া, মিশর, মালি ও আইভরি কোস্টের নাগরিক রয়েছে। জানা গেছে, উদ্ধারকৃতদের মধ্যে ৮৩ জনই বাংলাদেশি। অন্যদিকে লিবিয়ার জলসীমা থেকে আরো ৩১ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগর থেকে ২৬৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী ও কোস্টগার্ড। এর মধ্যে ২৬৪ জনই বাংলাদেশি। গত তিন মাসে তিউনিসিয়ার জলসীমা থেকে ইউরোপগামী ৪৮৫ জন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, লিবিয়া ও তিউনিসিয়া থেকে অভিবাসীদের ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পয়েন্ট ইতালি। দেশটি অভিমুখী নৌকাগুলো লিবিয়া থেকে সরাসরি না গিয়ে প্রায়ই তিউনিসিয়া উপকূল হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় অন্তত ৭৬২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।