পার্থ গোপালের জামিন বাতিল চেয়ে দুদকের আবেদন গ্রহণ

আপডেট : ২৯ জুন ২০২১, ০০:৫৪

দুর্নীতির মামলায় বরখাস্তকৃত ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার বিচার দ্রুত শেষ করার বিষয়ে হাইকোর্টের দুটি আদেশ বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন কবে পেয়েছেন এবং সেটা কোর্টের রেকর্ডে আছে কি না, এক সপ্তাহের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এছাড়া পার্থ গোপালের জামিন নিয়ে বেসরকারি টিভি চ্যানেল ২৪-এ প্রচারিত প্রতিবেদনের ভিডিও ক্লিপিং আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনের পক্ষে মো. খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার এবং পার্থ বণিকের পক্ষে বি এম ইলিয়াস কচি ও শাহরিয়ার কবির শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেন।

গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত ১৫ জুলাই পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি কারামুক্তি পান। ২০১৯ সালের ২৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ গোপাল বণিককে। ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা তার বাসায় রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে ঐদিন বিকালে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ৮০ লাখ টাকা জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। পরে দুর্নীতির মামলা করে দুদক।