জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গত কয়েক দিনে লকডাউন-শাটডাউন নিয়ে প্রজ্ঞাপন জারি এবং তা ঘন ঘন সংশোধন, কয়েক ঘণ্টার মধ্যে অদলবদল, এ নিয়ে বিভিন্ন বক্তব্য-বিবৃতির মধ্য দিয়ে সরকারের মধ্যে অস্থিরতাই প্রকাশ পাচ্ছে। গতকাল সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, প্রজ্ঞাপনে পরস্পরবিরোধী বক্তব্যও রয়েছে। এ রকম পরিস্থিতিতে এটা বাঞ্ছনীয় নয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ ৯টি মন্ত্রণালয় সম্পৃক্ত। এই ৯টি মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাও লক্ষণীয়। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী করোনায় মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়ছে। শুধু শহরেই নয়, জেলা-উপজেলায়ও সংক্রমণ ঘটেছে। ঘরে ঘরে অনেকে অসুস্থ। জেলা-উপজেলায় রোগীর জন্য বেড পাওয়া যায় না। অক্সিজেনের জন্য হাহাকার চলছে। সরকারও বিষয়টি নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন।
