নাটোরে নিখোঁজ উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১

নাটোর প্রতিনিধি

নাটোরের নিখোঁজ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী (জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সমপাদক এবং বর্তমানে জেলা যুবলীগের প্রস্তাাবিত কমিটির সাংগঠনিক সমপাদক) জামিল হোসেনে মিলনের সন্ধানের দাবিতে রবিবার বিকেলে তার অনুসারী সহস্রাধিক নেতাকর্মী ও আত্মীয়-স্বজন মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে। শহরের তালতলা হাফরাস্তা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর প্রেসক্লাবের সামনের মহাসড়কে সমবেত হয় এবং মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব ও সদর উপজেলা সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রভাষক আনোয়ার হোসেন আনু।

নাটোরে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও নাটোর র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার যায়েদ শাহরিয়ার জানান, তারা সকল প্রযুক্তি কাজে লাগিয়ে নিখোঁজ জামিল হোসেন মিলনের ব্যাপারে তথ্য সংগ্রহ ও তাকে উদ্ধারের সব ধরণের চেষ্টা চালাচ্ছেন। তবে গত তিনদিনে অনেক প্রচেষ্টার পরও এখন পর্যন্ত মিলনের কোন সন্ধান পাওয়া যায়নি।