সুপ্রিম কোর্টের নির্দেশের পর গতকাল সোমবার নারদ মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা জমা নিয়েছে কলকাতা হাইকোর্ট। গত ৯ জুন এই মামলার শুনানি চলাকালে হলফনামা জমা দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন মমতার আইনজীবী রাকেশ দ্বিবেদী। শুধু মমতা ও মলয় নন, রাজ্যের পক্ষ থেকে হলফনামা জমা দিতে চেয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও। কিন্তু আদালত তা খারিজ করে দেয়। শুনানির মধ্যে মমতা হলফনামা জমা দিলে তা নিয়েই আলোচনার মোড় ঘুরে যাবে, এই যুক্তিতে হলফনামা জমা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।
এর পরই হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা। গত শুক্রবার শীর্ষ আদালত সেই হলফনামা জমা নিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টকে। আজ মঙ্গলবার নারদ মামলার শুনানিতে মমতার হলফনামার প্রসঙ্গ উঠে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, নারদ মামলায় ফিরহাদ হাকিমসহ চার অভিযুক্ত নেতামন্ত্রীর গ্রেফতারের পর নিজাম প্যালেসে সিবিআই দপ্তরের সামনে ধরনায় বসেন মমতা। ঐ দিন অভিযুক্তদের জামিনের শুনানির সময় আদালত চত্বরে হাজির হন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এরপর মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ না থাকলেও তাদের পক্ষ করে তদন্তকারী সংস্থা।
