ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। যাদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে তার মধ্যে সাঈদ খোকনের ব্যবসাপ্রতিষ্ঠানের তিনটি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া তার মা ফাতেমা হানিফের একটি, বোন শাহানা হানিফের দুটি ও স্ত্রী ফারহানা আলমের দুটি অ্যাকাউন্ট রয়েছে।
দুর্নীতির অনুসন্ধান চলাকালে দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদ ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, ঐ ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে। অভিযোগটি সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবগুলো থেকে যেন অর্থ উত্তোলন, স্থানান্তর বা হস্তান্তর করতে না পারে সে জন্য জরুরিভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। আবেদনে আরো বলা হয়, অভিযুক্তরা ঐ ব্যাংক হিসাবের অর্থ স্থানান্তর করতে চেষ্টা করেছেন; যা অনুসন্ধানে উঠে এসেছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হবে। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়।
২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন সাঈদ খোকন।
