টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা হত্যা মামলার তিন আসামিকে জামিন দেয়নি হাইকোর্ট। মামলাটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য থাকায় আদালত আসামিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালত বলে, এই অবস্থায় জামিনের সুযোগ নেই। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
গত বছরের ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে টেকনাফ শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এ ঘটনায় ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জন পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন। আদালত র্যাবকে মামলাটির তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে প্রদীপ কুমার দাশসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় র্যাব। রবিবার ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে আদালত।
এই মামলার তিন আসামি বরখাস্তকৃত পুলিশের এসআই শাহজাহান আলী, কনস্টেবল রাজিব হোসেন ও আব্দুল্লাহ আল মাহমুদ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। আবেদনের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটর্জি বাপ্পী শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন আবেদনগুলো খারিজ করে দেয়।
