বাউবির ২৭৫ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকার বাজেট

আপডেট : ২৯ জুন ২০২১, ০০:৫৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ অর্থবছরের জন্য ২৭৫ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের সিটি অফিসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের ১৮১তম সভায় এ বাজেট অনুমোদিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. নাসিম বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের সভায় বাজেট উপস্থাপন করেন ট্রেজারার অধ্যাপক  মোস্তফা আজাদ কামাল। এ বাজেটে রাজস্ব খাতে ২৭৫ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার এবং উন্নয়ন খাতে ৭৬ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে রাজস্ব বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২০ কোটি টাকা যা মোট রাজস্ব বাজেটের ০৭ দশমিক ২৫ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল হতে এ বাজেটে ২৫৫ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকার সংস্থান রাখা হয়েছে যা রাজস্ব বাজেটের ৯২ দশমিক ৭৫ শতাংশ। একই সঙ্গে ২০২০-২০২১ অর্থবছরে ২১৬ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার টাকা সংশোধিত বাজেট সভায় অনুমোদিত হয়। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার জানান, সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে এবারের বাজেটটি চারটি মূল ভিত্তির  ওপর প্রতিষ্ঠিত—সক্ষমতা, গবেষণা ও উদ্ভাবন, শুদ্ধাচার ও জীবনব্যাপী শিক্ষা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনের সঙ্গে সংগতি রেখে শিক্ষাকে গণমুখীকরণের বিষয়টি এ বাজেটে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।