যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির শহরে ধসে পড়া ভবনের কংক্রিট ও স্টিলের ধ্বংস্তূপ থেকে আরও দুই জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার চার দিন পরও নিখোঁজের তালিকায় ১৫০ জনের নাম আছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
জানা যায়, তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো কোনো বিরতি ছাড়াই ২৪ ঘণ্টা কাজ করে চলেছে, কিন্তু ভারি বৃষ্টি ও সিমেন্টের স্ল্যাবের কারণে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা বিঘ্নিত হচ্ছে।
১৫৬ ইউনিটের ১২তলা এই ভবনটির প্রায় অর্ধেক অংশ কী কারণে ধসে পড়েছে তা এখনও অজানাই রয়ে গেছে। এ বিপর্যয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনিচ্ছাকৃত প্রাণঘাতী ভবন ধসের অন্যতম ঘটনা হয়ে উঠতে পারে।
সার্ফসাইডের চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ নামের ওই ১২ তলা অ্যাপার্টমেন্ট ব্লকের বড় একটি অংশ স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম প্রহরে ধসে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮১ সালে নির্মিত এ ভবনটিতে সংস্কার কাজ চলছিল।
সদ্য আলোয় আসা ২০১৮ সালের একটি প্রতিবেদনে দেখা যায়, প্রকৌশলীরা ভবনটির পুল ডেকের নিচে বড় ধরনের কাঠামোগত ত্রুটি পেয়েছিলেন। তাছাড়া আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজে কংক্রিট ক্ষয়ে যাওয়ার প্রমাণ পেয়েছিলেন তিনি।
ইত্তেফাক/টিআর
