ঢাবির শতবর্ষের প্রতীকী অনুষ্ঠান বৃহস্পতিবার

আপডেট : ২৯ জুন ২০২১, ১৬:১৬

আগামী বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি হচ্ছে। শতবর্ষ উপলক্ষে ক্যাম্পাসে সশরীরে কোনো ধরনের অনুষ্ঠান করবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন অনলাইনে প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে মূল অনুষ্ঠান আগামী ১লা নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ক্যাম্পাসে স্বশরীরে কোন অনুষ্ঠান হবে না, তবে অনলাইনে প্রতীকী কর্মসূচি পালিত হবে।

অনলাইন প্রতীকী কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৪টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তা হিসেবে সংযুক্ত থাকবেন বিশিষ্ট ভাষাসৈনিক, কলামিস্ট ও বুদ্ধিজীবি আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ : ফিরে দেখা’ শীর্ষক মূল বক্তব্য প্রদান করবেন। 

অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। ফেসবুক লিংক : https://www.facebook.com/ICTCellDU

ইত্তেফাক/এমএএম