তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে উর্মি খাতুন। গত শনিবার সকাল ১০টায় তার প্রথম পরীক্ষা শুরু হয়। হঠাত্ সেই সময় বাড়িতে তার পিতা খোকন সরদার (৪০) স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
পরীক্ষা শেষে বাড়ি ফিরেই সে জানতে পারে, তার পিতা আর নেই। এ সময় উর্মির কান্নায় তার পিতার লাশের পাশে উপস্থিত অনেকের চোখেই পানি চলে আসে।
জানা যায়, উর্মির পিতা মোঃ খোকন সরদার তালা উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ওমর আলী সরদারের ছেলে। পেশায় একজন কৃষক। তিনি সকালে একমাত্র মেয়ে উর্মিকে পরীক্ষার জন্য বিদায় দিয়ে নিজের ক্ষেতে পানি সেচ দেওয়ার সময় হঠাত্ স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
