পুলিশ পরিচয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে একাধিক বিয়ে করাসহ প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার ( ২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- আবু নাছের ওরফে নাছির, ইসমাইল হোসেন ও রুবি আক্তার। পুলিশ সুপার বলেন, প্রতারণার শিকার এক নারীর স্বজনের অভিযোগের ভিত্তিতে সোমবার চক্রের প্রধান আবু নাসেরসহ তিন জনকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সিআইডির এ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে আবু নাছের পুলিশের পোশাক পরা অবস্থায় কম বয়সী মেয়েদের তার ভুয়া আইডি কার্ড দেখিয়ে পুলিশ পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। আবু নাছের বিভিন্ন লোককে চাকরি পাইয়ে দেয়া বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করে। আসামি আবু নাছের তার এই প্রতারণার কাজে আসামি ইসমাইল হোসেনকে বড় ভাই এবং নিজের স্ত্রী রুবি আক্তারকে বোন বলে পরিচয় দিয়ে প্রতারণা করতেন।

আসল পুলিশের হাতে ভুয়া পুলিশ আটক
অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডিএমপির একটি ভুয়া আইডি কার্ড, ডিএমপির এসআই র্যাংক ব্যাজ লাগানো ভুয়া ইউনিফরমের একটি সেট, তিনটি পাসপোর্ট, একটি মোবাইল হ্যান্ডসেট এবং বিভিন্ন মোবাইল অপারেটরের সাতটি সিম কার্ড জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এসআই
