অক্ষয়ের অপেক্ষায় রাকুল!

আপডেট : ২৯ জুন ২০২১, ২০:২৪

g বিনোদন ডেস্ক

 

একের পর এক দক্ষিণী ও বলিউডের সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছে অভিনেত্রী রাকুলপ্রীত সিং। সেই ধারাবাহিকতায় এবার আরো একটি বলিউডি সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, এবার বলিউড স্টার অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন রাকুল। জ্যাকি ভাগ্নানির পরবর্তী সিনেমায় দেখা মিলবে এই জুটির। জানা গেছে, জ্যাকি তিনটি সিনেমার স্ক্রিপ্ট রেডি করেছিলেন। যার একটি রাজকুমার রাওকে নিয়ে নির্মাণের কথা রয়েছে এবং একটিতে অভিনয় করছেন অক্ষয় কুমার। আর অন্যটি অক্ষয় ও রাকুলকে নিয়ে নির্মাণ করতে চাচ্ছেন তিনি। নতুন এই ছবিটি অক্ষয়ের ‘বেল বটম’-এর নির্মাতা রঞ্জিত তেওয়ারি পরিচালনা করবেন বলে শোনা যাচ্ছে। রঞ্জিত তেওয়ারি বেল বটম নির্মাণের সময় এই সিনেমাটির স্ক্রিপ্ট শুনে নির্মাণে আগ্রহ প্রকাশ করেন এবং অক্ষয়-রাকুলকে মূল চরিত্রের জন্য পছন্দ করেন। এ বছরই মাত্র ৩০-৪০ দিনের মাঝে এই সিনেমাটির শুটিং শেষ করতে চান রঞ্জিত। সূত্রটি জানিয়েছে, এই সিনেমাটির মূল চরিত্রের জন্য শ্রদ্ধা কাপুর ও কিয়ারা আদভানিকেও তালিকায় রাখা হয়েছিল। তবে পরিচালক রাকুলকেই নিতে চাচ্ছেন।

এ প্রসঙ্গে রাকুলপ্রীত সিং বলেন, ‘সিনেমাটির গল্প ও নিজের চরিত্র আমার অনেক ভালো লেগেছে। অন্যরকম টুইস্ট রয়েছে গল্পে। সিনেমাটিতে নিজেকে মেলে ধারার মতো একটি চরিত্র পাবো। প্রযোজক-পরিচালকের সঙ্গে অভিনয়ের ব্যাপারে প্রাথমিক কথা হয়েছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। তবে অক্ষয়ের সঙ্গে পর্দা শেয়ার করার অপেক্ষায় আছি। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। এখন দেখা যাক কী হয়!’