অক্সিজেন নিতে হচ্ছে কবির সুমনকে

আপডেট : ২৯ জুন ২০২১, ২০:২৪

ফলোআপ

g বিনোদন ডেস্ক

 

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি আছেন সংগীতশিল্পী ও সাবেক সাংসদ কবির সুমন। গত সোমবার ভোরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে এই সংগীতশিল্পীকে। বর্তমানে অক্সিজেন দিতে হচ্ছে তাকে। শ্বাসকষ্টের পাশাপাশি জ্বর’সহ অন্যান্য কিছু সমস্যাও রয়েছে তার।

জানা গেছে, হাসপাতালটির মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন সুমন। ভর্তির সময় তার শরীরের অক্সিজেনের মাত্রা ৯০ থাকায় তাকে অক্সিজেন দিতে হচ্ছে। পাশাপাশি অন্যান্য ওষুধও চলছে। এছাড়া সুমন করোনা আক্রান্ত কি-না তা জানতে এরইমধ্যে কোভিড পরীক্ষাও করা হয়েছে এবং সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিত্কসরা জানিয়েছেন, সুমনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যদিও তার জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা ও শারীরিক দুর্বলতা এখনো রয়েছে। তবে করোনা রিপোর্ট নেগেটিভ আশায় আশার আলো দেখতে পাচ্ছেন তারা।

গুণী এই সংগীতশিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক ও শোবিজ অঙ্গনের অনেকেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কবির সুমন। এছাড়া তৃণমূলের হয়ে যাদবপুর থেকে লোকসভার সাংসদ হন তিনি। বয়সজনিত কারণে মাঝেমধ্যেই তার শারীরিক সমস্যা দেখা দিচ্ছিল। এবার হাসপাতালে ভর্তি হতে হলো এই শিল্পীকে।