নাগরিক সেবায় পুরস্কার জিতল অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট

আপডেট : ২৯ জুন ২০২১, ২০:২৯

ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত নাগরিক সেবাসমূহ জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ সেবা (ইউপিসেবা) সফটওয়্যার তৈরির স্বীকৃতিস্বরূপ ডিজিটাল গভর্নমেন্ট বিভাগে ২য় স্থান অধিকারী হিসাবে জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার-২০২০ অর্জন করলো অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড।

জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার প্রাপ্তিতে অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড এর পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আল আশরাফুল কবির জুয়েল বলেন, বেসিস আমাদের এই প্রকল্পকে পুরস্কৃত করায় আমরা আনন্দিত এবং গর্বিত।  বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের সূত্রধরে ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত নাগরিক সেবাসমূহ জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা ইউনিয়ন পরিষদ সেবা (ইউপিসেবা) সফটওয়্যার তৈরি করেছি। আমরা বিশ্বাস করি ইউনিয়ন পরিষদ সেবা (ইউপিসেবা) সফটওয়্যার ব্যবহার করে পরিবর্তন হবে ‘দূরত্বের’ সংজ্ঞা, নিশ্চিত হবে স্বচ্ছতা এবং পৌঁছে যাবে সেবা জনগনের দোরগোড়ায়।

ইউনিয়ন পরিষদ সেবা (ইউপিসেবা) সফটওয়্যার ব্যবহার করে বিশ্বের যেকোন স্থান অতি অল্প সময়ে নির্ভুলভাবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ দ্বারা তাদের কাঙ্খিত সেবার সনদ প্রাপ্তির জন্য অনলাইন থেকে আবেদন করতে পারবেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত আবেদনটি তার জন্য নির্ধারিত অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে যাচাই করে চেয়ারম্যান মহোদয়ের ডিজিটাল সাক্ষরের মাধ্যমে সনদ ইস্যু করতে পারবেন।

আবেদনকারী সনদ ইস্যুর সাথে সাথেই এসএমএস এলার্ট পাবেন এবং ইস্যুকৃত সনদ নাগরিক তার নিজস্ব প্রোফাইল থেকে যেকোনো সময় ডাউনলোড এবং প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। নাগরিকের নিজস্ব প্রোফাইল থাকায় সনদ হারানোর সম্ভাবনা শতভাগ ঝুঁকিমুক্ত। উক্ত ডিজিটাল সনদ সুরক্ষিত QR Code সম্বলিত যার মাধ্যমে সনদ ভেরিফিকেশন করা যায়। সুতরাং জাল সনদ তৈরি শতভাগ ঝুঁকিমুক্ত।