আফ্রিকার রূপকথা :বন্ধু

আপডেট : ২৯ জুন ২০২১, ২০:৫২

রানাকুমার সিংহ

 

একটি ইঁদুর এবং একটি ব্যাঙ পরষ্পরের বন্ধু ছিল।  ্রতিদিন সকালে ব্যাঙটি পুকুর থেকে বের হয়ে গাছের পাশের একটি গর্তে থাকা তার বন্ধুকে দেখতে যেত। আড্ডাশেষে দুপুরে বাড়ি ফিরত।

ইঁদুর তার এই বন্ধুটিকে পেয়ে খুব খুশী। কিন্তু ব্যাঙ বন্ধুটি আস্তে আস্তে শত্রুতে পরিণত হতে শুরু করল। ব্যাঙটি অনুভব করেছিল যে, সে প্রতিদিন ইঁদুরবন্ধুকে দেখতে গেলেও তাকে দেখতে সে কোনোদিন আসেনি।

ব্যাঙটি খুব করে ভাবল, তাকে যথেষ্ট অপমান করা হয়েছে। সে তখন বন্ধুত্ব ভেঙে প্রতিশোধ নেবার কথা  ভাবল। একদিন সে বুদ্ধি করে তার পায়ে একটি  শিকলের এক প্রান্ত বেঁধে রাখল, অন্য প্রান্তটি ইঁদুরের  লেজের সাথে বেঁধে ফেলল এবং হতবাক ইঁদুরটিকে টেনে নিয়ে গেল।

ব্যাঙটি পুকুরের গভীরে ডুব দিল। ইঁদুর নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করল কিন্তু পারল না। অবশেষে ডুবে গেল। ইঁদুরের মরা ফুলে যাওয়া শরীরটি পুকুরের  জলে ভেসে উঠল।

একটি বাজপাখি পুকুরে মরা ইঁদুরটি ভাসতে দেখল। সে নীচে নেমে গেল এবং মরা ইঁদুরটি ঠোঁটে ধরে কাছাকাছি একটি গাছের ডালে চলে গেল। মরা ইঁদুরের সাথে ব্যাঙটিও ঝুলে থাকল। সে মরিয়া হয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করল কিন্তু পারল না। শিগগিরই ইঁদুরটির সাথে ব্যাঙটিও বাজপাখির খাবারে পরিণত হল।