মাদকের ছোবলে কাকাইলমোড়া গ্রাম

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:০৩

আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের অন্তর্গত কাকাইলমোড়া একটি দরিদ্র ও অবহেলিত গ্রাম। অশিক্ষা ও দারিদ্র্যের সুযোগকে কাজে লাগিয়ে গ্রামে মাজারের নামে গড়ে উঠেছে মাদকের অভয়াশ্রম। হাত বাড়ানোর আগেই পাওয়া যায় গাঁজা, ইয়াবা, দেশি-বিদেশি মদসহ বহু রকমের মাদকদ্রব্য। স্কুল-কলেজগামী শিশু-কিশোর থেকে শুরু করে শ্রমজীবী, বেকার, যুবক, বৃদ্ধ নির্বিশেষে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাজারগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা মাদকের কেন্দ্রগুলোতে যে কেউ যেকোনো সময় গাঁজা এবং ইয়াবা সেবন করতে পারে। ফলে এলাকায় বেড়ে গেছে দুর্বৃত্তায়ন। দরিদ্র পরিবারগুলোতে নেমে আসছে অশান্তি। দিনমজুর, রিকশা চালক সারাদিনের উপার্জনের টাকা দিয়ে গাঁজা খেয়ে শূন্য হাতে বাড়ি ফেরে। মাজার পরিচালনাকারীরা ভক্ত মুরিদানের নামে মাদকের নেটওয়ার্ক দিন দিন বিস্তৃত করেই চলছে। প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এভাবে মাদকের রমরমা ব্যবসা চললেও কখনো কোনো ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায়নি। আশা করি স্থানীয় প্রশাসন মাদকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে কাকাইলমোড়া গ্রামকে মাদক মুক্ত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

মো. আশরাফুল আলম

আড়াইহাজার, নারায়ণগঞ্জ