বিএসটিআই ভবন নির্মাণকাজ দ্রুত শেষ করা হোক

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:০৩

চট্টগ্রামের আগ্রাবাদে ২০১৭ সালের ৩৫ কোটি টাকা ব্যয়ে ১০ তলাবিশিষ্ট একটি বিএসটিআই ভবনের কাজ শুরু করা হয়। লক্ষণীয় যে, ঠিকাদারের গাফিলতির কারণে চার বছরেও এই ভবনের কাজের তেমন অগ্রগতি হয়নি। শুধু তাই নয়, ঠিকাদার  এই ভবনের গ্রাউন্ড লেভেলের কাজও শেষ করতে পারেনি । অথচ  এই ১০ তলা ভবন নির্মাণ প্রকল্পের মেয়াদ ছিল ২০১৭- ২০১৯ সালের ৩০ জুন। কর্তৃপক্ষ কাজের ধীরগতি দেখে পরবর্তী সময় তা ২০২১ সালের জুন মাস পর্যন্ত বর্ধিত করে দিয়েছিল। উল্লেখ্য, একই সময়ে খুলনা বিএসটিআই ১০ তলা ভবনের কাজ শুরু করা হয়েছিল এবং ঠিকাদার নির্দিষ্ট সময়ে উক্ত ভবনের  নির্মাণ কাজ সম্পন্ন করে দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়,  আমাদের চট্টগ্রামের বিএসটিআই ভবনের কাজ এখনো মাটির সঙ্গে লেগে আছে। চট্টগ্রামের বর্তমান বিএসটিআইতে পূর্ণাঙ্গ ল্যাব না থাকায়, সব পণ্যের মান পরীক্ষা করা যায় না। তাই নবনির্মিত বিএসটিআই ভবনে সব ধরনের পণ্যের মান পরীক্ষানিরীক্ষা করার জন্য একটি পূর্ণাঙ্গ ল্যাব স্থাপন করার কথা ছিল। কিন্তু ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় আজও পর্যন্ত চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ বিএসটিআই ল্যাব স্থাপিত হয়নি। ফলে চট্টগ্রামের অনেক ব্যবসায়ী তাদের পণ্য পরীক্ষার জন্য ঢাকার বিএসটিআই ল্যাবে গিয়ে অত্যন্ত ভোগান্তির শিকার হচ্ছে। তাই  জনগণের বৃহত্তর স্বার্থে, জরুরি ভিত্তিতে চট্টগ্রামের নতুন বিএসটিআই ভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সুদৃষ্টি আকর্ষণ করছি।

আসাদুজ্জামান সম্রাট, চট্টগ্রাম।