স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে বগুড়া জেলা পুলিশের সাইবার ইউনিট তাদের শহরের নিশিন্দারা কারবালা কৃত্রিম প্রজনন কেন্দ্র এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. মাহবুর রহমান (২৩) ও শরিফুল ইসলাম (২৪)। শরিফুল সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের ছাত্র।
পুলিশ জানায়, সরকার কঠোর লকডাউনে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের কথা আলোচনায় নিয়ে আসে। এই সুযোগে ঐ দুই যুবক পুলিশের অভিযান নিয়ে গুজব, রাষ্ট্র ও সরকারবিরোধী প্রচারণা ছড়িয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর সত্যতা স্বীকার করেছেন বলে বগুড়া জেলা পুলিশের সাইবার ইউনিট প্রধান পরিদর্শক মো. এমরান মাহমুদ তুহিন নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা তুহিন বলেন, গ্রেফতার দুই জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
