হিজলায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:১০

বরিশাল অফিস

বরিশালের হিজলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আজাদ সোমবার বিকালে এই রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া তাকে করা জরিমানার টাকা আদায় করে মেয়েটিকে দেওয়ার জন্য আদেশ দিয়েছে আদালত। আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বিষয়টি জানিয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, বরুণ ঐ কিশোরীকে বিয়ের কথা বলে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি রাজি না হলে ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর বিকালে তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বরুণকে বিষয়টি জানালে সে অস্বীকার করে। এরপর ২০১০ সালের ২ জুন মেয়েটির বাবা বরুণের বিরুদ্ধে হিজলা থানায় ধর্ষণ মামলা করেন।