কয়েকটি পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:১০

ইত্তেফাক ডেস্ক

কয়েকটি পৌরসভার বাজেট সোম ও মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

হবিগঞ্জ :হবিগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ১১৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৭৭১ টাকার বাজেট মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। পৌরসভার হলরুমে হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম এ বাজেট ঘোষণা করেন। বাজেটে বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ১১৬ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৭৬২ টাকা। এতে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৫৫ লাখ ৩৬ হাজার ৯ টাকা।

যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২১-২২ অর্থবছরে ৬৮ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৬১ কোটি ৮০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৭ কোটি টাকা আয় ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৬৯তম বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ এ বাজেট প্রস্তাব করেন। যবিপ্রবি উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) এ কে এম আফতাব হোসেন প্রামানিক, যুগ্ম-সচিব (উন্নয়ন-৩) সৈয়দা নওয়ারা জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেন্দুয়া (নেত্রকোনা) : নতুন কোনো করারোপ ছাড়াই কেন্দুয়া পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের জন্য ১৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৮শ ২২ টাকার প্রস্তাবিত বাজেট মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। পৌর মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা। বাজেট সভায় মেয়রের পক্ষে বাজেটের বিস্তারিত বিবরণ পড়ে শোনান পৌরসভার সচিব দেবাশীষ দাস।

বেতাগী (বরগুনা) : বরগুনার বেতাগী পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে  ৫০ কোটি ৯১ লক্ষ ৩৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পৌরসভা মিলনায়তনে মেয়র এবিএম গোলাম কবির এ বাজেট ঘোষণা করেন। এ বাজেটে উন্নয়ন হিসেবের মোট ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৭৯ লাখ টাকা। আর উদ্বৃত্ত বাজেট ১২ লক্ষ ৩৫ হাজার টাকা। এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী পৌরসভার সচিব ও সহকারী প্রকৌশলী ইঞ্জি. মো. জসীম উদ্দীন, পৌরসভার প্যানেল মেয়র মাসুদুর রহমান খান ও প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু।

সৈয়দপুর (নীলফামারী) : মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ ও শহিদদের নামে রাস্তা নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১৩১ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৪৫৬ টাকার বাজেট ঘোষণা করেছে সৈয়দপুর পৌরসভা। সোমবার বিকালে  সৈয়দপুর কমিউনিটি সেন্টারের হলঘরে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার  মেয়র রাফিকা আকতার জাহান। বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম।

নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইল পৌরসভার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই মোট ৩৬ কোটি ২৭ লাখ ২৭ হাজার ২৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়। সোমবার বিকালে পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ে পৌর সচিব মো. মাহতাব হোসেনের উপস্থাপনায় বাজেট ঘোষণা হয়।