মেসির রেকর্ডের ম্যাচে আর্জেন্টিনার জয়

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:১০

আর্জেন্টিনা ৪ : ১ বলিভিয়া

 স্পোর্টস রিপোর্টার

মেসির খেলার কথা না। আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্ক্যালোনি চেয়েছিলেন কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে নিয়মরক্ষার শেষ ম্যাচে মেসি না খেললেও চলবে। মেসি বিশ্রামে থাকলে কোয়ার্টার ফাইনালের ম্যাচে সেরাটা দিতে পারবে। সঙ্গে ও বলেছিলেন মেসি খেলতে চাইলে সে খেলতে পারে। মেসির সঙ্গে কোচের কী কথা হয়েছে সেটা প্রকাশ না হলেও বাস্তবতা হচ্ছে গতকাল ভোরে বলিভিয়ার বিপক্ষে মেসি খেলেছেন। গোল করিয়েছেন, গোল করেছেন এবং রেকর্ডও গড়েছেন। আর্জেন্টিনা ৪-১ গোলে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে।

কোপা আমেরিকার টুর্নামেন্টে বলিভিয়া গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে একটি পয়েন্টও পায়নি। আর্জেন্টিনা ৪ খেলায় ১০ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। মেসিরা টুর্নামেন্টের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল। এর পর আর ফিরে তাকাতে হয়নি আর্জেন্টিনাকে।

বলিভিয়ার বিপক্ষে না নামলেও পারতেন মেসি। দেশের জার্সি গায়ে মেসি ক্লান্তি বোধ করেননি বলেই হয়তো তার রেকর্ডও হয়ে গেছে। বলিভিয়ার বিপক্ষে মেসি ম্যাজিক দেখিয়েছেন। আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মেসির পকেটে। গত ২৪ জুন জন্মদিন ছিল মেসির। চৌত্রিশে পা দেওয়া মেসি গতকাল প্রথম ম্যাচে খেললেন, তার ভক্তদের মেসি ম্যাজিক উপহার দিলেন।

আর্জেন্টিনার জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি ছিল মাসচেরানোর গায়ে (১৪৭)। সেই রেকর্ড আগেই স্পর্শ করেছিলেন মেসি। গতকাল ১৮৪তম ম্যাচ খেলে মেসি হয়ে গেলেন একক রেকর্ডের মালিক। ২০০৫ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে শুরু করেন মেসি। আর এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলার পুরানো রেকর্ড ভেঙে এগিয়ে গেলেন। তার ফুটবল শৈল্পিকতা দুনিয়ায় দ্যুতি ছড়ায়। চোখে লেগে থাকে একেকটা পাস, রিসিভ, ডজ দিয়ে প্রতিপক্ষের ঘরে ঢুকে সব লন্ডভন্ড করে দিয়ে গোল আদায় করার ছবির মতো আক্রমণগুলো। জোড়া গোল করেছেন মেসি। পাঁচ মিনিটের গোমেজের গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর পেনাল্টি হতে মেসি প্রথম গোল করেন এবং ৪১ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করেন মেসি। ৩ গোলের পর বলিভিয়ার সাভেদরার গোল ব্যবধান কমায়। মেসির হ্যাটট্রিকের সুযোগ ছিল। কিন্তু লোতারোর গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও হ্যাটট্রিক পাননি মেসি। তবে মেসির জোড়া গোলে আন্তর্জাতিক গোলের সংখ্যা ৭৫। ১৭ খেলায় আর্জেন্টিনা অপরাজিত থাকল। কোপার গত আসরের সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।