জিম্বাবুয়ে গেলেন মুমিনুল-মুশফিকরা

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:১৪

স্পোর্টস রিপোর্টার

করোনাকালে তৃতীয় বিদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার তুলনায় এবারের জিম্বাবুয়ে সফর কিছুটা ব্যতিক্রম। আফ্রিকার দেশটিতে নির্দিষ্ট মেয়াদের কোয়ারেন্টাইন করতে হবে না বাংলাদেশের ক্রিকেটারদের। হারারেতে হোটেলে পৌঁছেই করোনা পরীক্ষা হবে সবার। নেগেটিভ রিপোর্ট পেলেই অনুশীলন করতে পারবে টাইগাররা।

মুমিনুল হকের নেতৃত্বে গতকাল ভোর ৪টা ২৫ মিনিটের ফ্লাইটে জিম্বাবুয়ে সফরে গিয়েছে বাংলাদেশ টেস্ট দল। কাতারের দোহা হয়ে জিম্বাবুয়ে যাবেন তামিম-মুশফিকরা। দোহা থেকে দলের সঙ্গে যোগ দিবেন সদ্য নিয়োগ পাওয়া স্পিন কোচ রঙ্গনা হেরাথ। ২০১৩ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে আব্দুর রাজ্জাক ছিলেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবার নির্বাচক হিসেবে মুমিনুলদের সঙ্গী হয়েছেন তিনি। টিম লিডার হিসেবে গিয়েছেন বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম।

যুক্তরাষ্ট্র থেকে হারারেতে এসে দলে সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। তিন ফরম্যাটের দলেই রাখা হয়েছে তাকে। হারারে পৌঁছানোর পর জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যদেরও পেয়ে যাবে মুমিনুল বাহিনী। 

আগামী ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সিরিজের মূল লড়াই। তার আগে ৩-৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তামিম ও মুশফিকের ইনজুরির কারণে শেষ মুহূর্তে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। ১৬ মাস পর টেস্ট দলে ফিরলেও মাহমুদউল্লাহ ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে পারবেন কি না বলা কঠিন।