বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিদায়

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:১৪

টাইব্রেকার রোমাঞ্চে

সুইসদের জয়

 স্পোর্টস রিপোর্টার

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ে টুর্নামেন্ট আলো হারিয়েছিল অনেকটা। পাদপ্রদীপের আলোয় ছিলেন করিম বেনজামা, পল পগবা, কিলিয়ান এমবাপেরা। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সই ছিল ফুটবলপ্রেমীদের সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কিন্তু সোমবার রাতে ইউরো চ্যাম্পিয়নশিপে তারা খসে পড়ার মিছিলে এবার যোগ দিলেন বেনজামা-এমবাপেরা।

ইউরোতে ফরাসি সৌরভ থামিয়ে দিয়েছে সুইজারল্যান্ড। বুখারেস্টে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ফ্রান্সকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইসরা। ৬৭ বছর পর দেশটি বৈশ্বিক কোনো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল। শেষবার ১৯৫৪ সালের বিশ্বকাপে শেষ আটে খেলেছিল তারা।

উত্তেজনা ভরপুর ম্যাচের নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ৩-৩। অতিরিক্ত সময়ে আর গোল হয়নি। পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জিতেছে সুইজারল্যান্ড। টাইব্রেকারে এমবাপের করা শেষ শট রুখে দিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমের। কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল ফ্রান্স। ম্যাচের ১৫ মিনিটে হারিস সেফেরোভিচের গোলে এগিয়ে যায় সুইসরা। পরে একটি পেনাল্টি থেকে গোল করতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে করিম বেনজামার ২ গোল করে লিড এনে দেন ফ্রান্সকে। ৭৫ মিনিটে পগবার গোলে ব্যবধান ৩-১ হয়। জয়ের পথেই ছিল ফ্রান্স। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ ৯ মিনিটে ২ গোল করে পাশার দান উলটে দেয় সুইজারল্যান্ড। সেফেরোভিচ ও মারিও গাভরানোভিচ গোল করেন।

অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় অগত্যা টাইব্রেকার প্রয়োজন হয় ম্যাচের ভাগ্য নির্ধারণে। পেনাল্টি শুটআউটে ফ্রান্সের হয়ে গোল করেছেন পগবা, জিরুদ, থুরাম, কিম্পেমবে। সুইসদের হয়ে বল জালে পাঠিয়েছেন গাভরানোভিচ, শার, আকাঞ্জি, ভারগাস ও মেহমেদি। কিন্তু এমবাপের শেষ শটটি ঠেকিয়ে সব আলো কেড়ে নেন সুইস গোলরক্ষক।