দুই মাস আগের অবস্থানে শেয়ারবাজারের লেনদেন

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:২৩

ইত্তেফাক রিপোর্ট

সোমবারের মতো গতকাল মঙ্গলবারও উত্থান হয়েছে শেয়ারবাজারে। সব সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমে ১ হাজার কোটির ঘরে নেমে এসেছে। ডিএসইতে লেনদেন কমে দুই মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে।

গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ১৪৮ কোটি ৪ লাখ টাকার, যা এক মাস ২৬ দিন বা ৩৮ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ৩ মে আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ঐ দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি টাকার।

জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২ দশমিক ৪৯ পয়েন্ট। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ দশমিক ৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৮ দশমিক ৩৯ পয়েন্ট এবং ২ হাজার ১৮৫ দশমিক ৮২ পয়েন্ট।

ডিএসইতে গতকাল ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৭৫টির বা ৪৬ দশমিক ৯২ শতাংশের, শেয়ারদর কমেছে ১৬৬টির বা ৪৪ দশমিক ৫০ শতাংশের এবং ৩২টির বা ৮ দশমিক ৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৭৩ দশমিক ৫৩ পয়েন্ট। সিএসইতে গতকাল ৩২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দর বেড়েছে, কমেছে ১৫১টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দর হারানোর শীর্ষে প্রগতি লাইফ

ডিএসইতে গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৬টির বা ৪৪ দশমিক ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল প্রগতি লাইফ ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন সোমবার লেনদেন শেষে প্রগতি লাইফ ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২১ দশমিক ৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১০ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১ দশমিক ৬০ টাকা বা ৯ দশমিক ৫৩ শতাংশ কমেছে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৭ দশমিক ১৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৬ দশমিক ২৬ শতাংশ, পপুলার লাইফ ইনসিওরেন্সের ৫ দশমিক ৭৩ শতাংশ, কুইন সাইথ টেক্সটাইলের ৫ দশমিক ৩১ শতাংশ, সী পার্লের ৫ দশমিক ০১ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪ দশমিক ৯৫ শতাংশ, এস্কয়ার নিটের ৪ দশমিক ৮১ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৪ দশমিক ৫০ শতাংশ এবং ফারইস্ট লাইফ ইনসিওরেন্সের শেয়ার দর ৪ দশমিক ০৭ শতাংশ কমেছে।