ফতুল্লায় চালককে গলা কেটে হত্যা

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:৩৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ফতুল্লার ইসদাইরে রাজা নামে এক চালককে ছুরিকাঘাতে গলা কেটে হত্যার পর অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল ভোরে ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। নিহত চালক রাজা মিয়া মাসদাইর কাজীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি একটি অটোরিকশা ভাড়ায় চালাতেন। স্থানীয় সূ?ত্রে জানা যায়, কয়েকদিন আগে রাজার স্ত্রী মারা যায়। তাদের দুই সন্তানের মধ্যে বড় মেয়ে স্বামীর সংসারে থাকেন। আর আট বছর বয়সি শিশুপুত্র নিয়ে ভাড়া বাসায় থাকতেন রাজা।

স্ত্রী মারা যাওয়াতে রাজা মিয়া দিনের বেলায় শিশুপুত্রকে দেখাশোনা করতেন, আর রাতে পুত্রকে ঘুম পাড়িয়ে বাসায় রেখে অটোরিকশা চালাতেন। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, ধারণা করা হচ্ছে রাতে ওসমানী স্টেডিয়ামের সামনে দিয়ে যাওয়ার পথে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে গলাকেটে ও ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলছে।