ইত্তেফাক রিপোর্ট
গতকাল ধানমন্ডিতে উদ্বোধন হয়েছে আইসিডিডিআর’বির নমুনা সংগ্রহ ডায়াগনস্টিক ল্যাবরেটরি। বিভিন্ন পরীক্ষার জন্য নমুনা দেওয়া গেলেও এই কেন্দ্রে কোভিড-১৯ এর পরীক্ষা করতে ইচ্ছুক ব্যক্তিদের মহাখালী কেন্দ্রে যেতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিডিডিআর’বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, ধানমন্ডিতে এই নমুনা সংগ্রহ কেন্দ্রটি চালু করা, নির্ভুলভাবে রোগ শনাক্তকরণ, কার্যকারণ বিশ্লেষণ এবং পরিশেষে চিকিত্সকদের জীবন রক্ষাকারী ভূমিকা রাখতে সহায়তা করা আইসিডিডিআরবি’র অঙ্গীকার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আইসিডিডিআরবি’র ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. দীনেশ মণ্ডল বলেন, সবচেয়ে নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবা সরবরাহকারী হিসেবে আমাদের সেবাগুলোকে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব। আজ বুধবার থেকে ৭৫৪/বি সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা, এই ঠিকানায় নমুনা সংগ্রহ শুরু হবে। সারা বছর প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। মহাখালীতে অবস্থিত আইসিডিডিআর’বি ডায়াগনস্টিক ল্যাবরেটরির ছয়টি বিশ্বমানের স্বয়ংক্রিয় ল্যাবের মাধ্যম্যে রুটিন স্ক্রিনিং টেস্ট থেকে শুরু করে জটিল মলিকিউলার ও জেনেটিক পরীক্ষা করা যাবে।
