বিশেষ প্রতিনিধি
পুলিশ পরিচয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে একাধিক বিয়ে করাসহ প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন—আবু নাছের ওরফে নাছির, ইসমাইল হোসেন ও রুবি আক্তার। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। তিনি বলেন, প্রতারণার শিকার এক নারীর স্বজনের অভিযোগের ভিত্তিতে সোমবার চক্রের প্রধান আবু নাসেরসহ তিন জনকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। সিআইডির এ কর্মকর্তা আরো বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে আবু নাছের পুলিশের পোশাক পরা অবস্থায় কম বয়সি মেয়েদের তার ভুয়া আইডি কার্ড দেখিয়ে পুলিশ পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ে করে। আবু নাছের বিভিন্ন লোককে চাকরি পাইয়ে দেওয়াসহ বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আত্মসাত্ করে। আবু নাছের তার এই প্রতারণার কাজে আসামি ইসমাইল হোসেনকে বড় ভাই এবং নিজের স্ত্রী রুবি আক্তারকে বোন বলে পরিচয় দিয়ে প্রতারণা করত।
