চট্টগ্রাম অফিস
সংবাদপত্র জগতের পথিকৃত্, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মৃতি সম্মাননা পেলেন পাহাড়ের প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ। শনিবার রাঙ্গামাটি প্রেসক্লাবে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা মকছুদ আহমেদের হাতে তুলে দেন স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশের প্রথিতযশা সাংবাদিকদের এই সম্মাননা প্রদান করা হয়। গত ১ জুন জাতীয় প্রেসক্লাবে তথ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা বিতরণ করেন। ঐ অনুষ্ঠানে মকছুদ আহমেদ উপস্থিত হতে না পারায় স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির নেতৃবৃন্দ রাঙ্গামাটি এসে তার হাতে এই সম্মাননা অর্পণ করেন। সম্মাননা বিতরণ ঘিরে মানিক মিয়ার স্মরণে শনিবার রাঙ্গামাটি প্রেসক্লাবে মিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন বক্তা বলেন, পূর্ব বাংলার স্বাধিকার ও স্বায়ত্তশাসনের মধ্যে যারা স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তাদের মধ্যে তফাজ্জল হোসেন মানিক মিয়া একজন। দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি প্রতিনিধি প্রবীণ সাংবাদিক ও গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস এম জামাল উদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত্ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাংবাদিক শ্যামল নাথ ও রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা কারী ওসমান গণি চৌধুরী।
