বিএনপি নির্বাচনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে :কাদের

আপডেট : ২৯ জুন ২০২১, ২৩:১০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি নিজেদের ব্যর্থতা এবং জনবিচ্ছিন্নতা আড়াল করতে নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির রাজনীতি কথামালার আড়ালে বৈপরীত্যের প্রদর্শনী মাত্র। একদিকে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং দেশ-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার অব্যাহত রাখা। অন্যদিকে রাষ্ট্র কাঠামোর শক্তিশালীকরণের কথা বলা বিএনপির দ্বিচারিতা ছাড়া কিছু নয়।

সেতুমন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন। ‘আওয়ামী লীগ একচ্ছত্র শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে দিচ্ছে’—বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা একেবারেই কল্পিত, মনগড়া ও মুখরোচক বক্তব্য। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বিএনপির প্রতিদিন সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে—এটি তারই ধারাবাহিকতার অংশ।’ রাষ্ট্র এবং            সরকার চলে সুনির্দিষ্ট সাংবিধানিক কাঠামো ও বিধি-বিধানের আওতায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন। বিএনপি মুখে রাষ্ট্র কাঠামো কিংবা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললেও নিজেরাই নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে। বিএনপি যদি নির্বাচনে না থাকে তাহলে গণতন্ত্র কীভাবে অর্থবহ হবে? উলটা তারা গণতন্ত্রকে দুর্বল করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। শুদ্ধাচার পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নিজের কাজকে ভালোবেসেই কাজ করতে হবে। শুধু রুটিন ওয়ার্ক নয়, কাজকে ভালোবেসে কাজে মনোযোগী হতে হবে।