জুলাইয়ে চলবে ট্রায়াল আগস্টে পূর্ণাঙ্গ ব্যবহার

আপডেট : ২৯ জুন ২০২১, ২৩:১২

আমদানি-রপ্তানি বাণিজ্যে অটোমেশন সুবিধা প্রসারিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সফটওয়্যারের সর্বশেষ আধুনিক সংস্করণ অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের আপগ্রেডেশন সম্পন্ন করেছে বলে জানা গেছে। চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় যুক্ত ব্যবসায়ীরা বলেন, গত ২৭ বছর অটোমেশন প্রক্রিয়ার নানা ভোগান্তির আলোকে তারা এই আপগ্রেডেশনকে স্বাগত জানান। তবে সার্ভারের সংকট, ধীরগতির জটিল প্রক্রিয়াসহ অনলাইনে অতীতের তিক্ত অভিজ্ঞতার যেন পুনরাবৃত্তি না হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর দিয়ে দেশের ৬৫ শতাংশ আমদানি-রপ্তানি সম্পন্ন হয়ে থাকে উল্লেখ করে তারা বলেন, অতীতে অটোমেশন চালু এবং পেপারলেস ট্রেডের নামে বিস্তর সুযোগ-সুবিধার কথা বলা হয়েছিল। কিন্তু অ্যাসাইকুডা সফটওয়্যার ব্যবহার করা সত্ত্বেও স্টেকহোল্ডারদের বহু ক্ষেত্রে সশরীরে গিয়ে লেনদেন এবং পেপার ছাড় (ক্লিয়ারেন্স) করার কাজ করতে হয়েছে। বিশেষ করে ধীরগতির সার্ভার ও নেটওয়ার্ক সমস্যায় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিও গুনতে হয়েছে।

এনবিআরের ফার্স্ট সেক্রেটারি (কাস্টমস পলিসি অ্যান্ড আইসিটি) এ কে এম নুরুল হুদা ইত্তেফাককে বলেন, দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দরসহ সব বন্দরের জন্য অটোমেশন প্রক্রিয়ায় অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের আপগ্রেডেশন এ মাসেই সম্পন্ন হয়েছে। প্রত্যাশা করছি, চট্টগ্রাম বন্দরসহ দেশের সব বন্দরে আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় যুক্ত ব্যবসায়ী ও স্টেকহোল্ডাররা একটি নিউ জেনারেশন সফটওয়ারের মানোন্নীত প্রক্রিয়ায় দ্রুততম সুবিধা  পাবেন। তবে স্টেকহোল্ডারদের তাদের কাছে দেওয়া চিঠি অনুসারে কনফিগারেশন প্রতিস্থাপনসহ আপগ্রেডেশন প্রক্রিয়ায় অভ্যস্ত হয়ে উঠতে হবে। এ ব্যাপারে স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ ও মোটিভেশন করা হয়েছে বলেও তিনি জানান। এনবিআরের ফার্স্ট সেক্রেটারি বলেন, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড আপগ্রেডেশনের ফলে আর্থিক লেনদেনের সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য ই-পেমেন্ট সুবিধার সুযোগ এবং সার্ভারে প্রবেশের ক্ষেত্রে অনৈতিকতা প্রতিরোধে পাসওয়ার্ড কনফারমেশন সিস্টেম এ দুটি নতুন বিষয় বন্দর অটোমেশনে যুক্ত হচ্ছে।

চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম ইত্তেফাককে বলেন, কাস্টম হাউজ আশা করছে, এই আপগ্রেডেশনের ফলে ভালো কিছু হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডারস অ্যাসোসিয়েশনের পরিচালক (চট্টগ্রাম বন্দরসংক্রান্ত) খায়রুল আলম সুজন বলেন, ‘আমরা একে স্বাগত জানাচ্ছি। তবে প্রত্যাশা করছি, সার্ভারের সমস্যাসহ অটোমেশনের ক্ষেত্রে অতীতের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতাগুলোর যেন পুনরাবৃত্তি না হয়। এসংক্রান্ত এনবিআরের চিঠি সম্পর্কে তিনি বলেন, ‘কনফিগারেশন পরিবর্তনের জন্য আমরা জানিয়ে দিয়েছি। তবে এই চিঠিটি আরো আগে দিলে স্টেকহোল্ডারদের জন্য উপকার হতো। করোনা পরিস্থিতিতে অনেকেই বেশ অসুবিধায় আছে।’ বাংলাদেশ সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক কাজী মাহমুদ ইমাম বিলু ইত্তেফাককে বলেন, ‘আমরা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের আপগ্রেডেশনকে স্বাগত জানাই। তবে স্বল্প সময়ে প্রস্তুতি গ্রহণে অনেকের জন্য হয়তো নানা রকম চাপ সৃষ্টি করবে।’