পরীমনির ধর্ষণচেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির ও অমির জামিন

আপডেট : ২৯ জুন ২০২১, ২৩:১৩

চিত্রনায়িকা পরীমনির দায়েরকৃত ‘ধর্ষণ ও হত্যাচেষ্টা’ মামলার দুই আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছে আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা গতকাল মঙ্গলবার তাদের জামিন মঞ্জুর করেন। আগামী ৮ জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য আছে। ঐ দিন পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানান আসামিপক্ষের কৌঁসুলি এ এইচ ইমরুল কাউসার। তবে আসামিদের বিরুদ্ধে আরো মামলা থাকায় এখনই কারামুক্তি পাচ্ছেন না তারা।

পূর্বপরিচিত অমি গত ৮ জুন রাতে তাকে ‘পরিকল্পিতভাবে’ বোট ক্লাবে নিয়ে যান এবং সেখানে নাসির তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন এমন অভিযোগে ঘটনার ছয় দিন পর সাভার থানায় ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। মামলার পরেই উত্তরার একটি বাসা থেকে নাসির ও অমিকে গ্রেফতার করে পুলিশ। সে সময় ওই বাসা থেকে মদ ও ইয়াবা উদ্ধার করা হয়। এই মামলায় রিমান্ড শেষে গতকাল তাদেরকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে আসামিদের পক্ষে জামিন চেয়ে আবেদন জানানো হয়।